Wednesday, 4 October 2017

দু'টি কবিতা


কবিতা রস বিতান (ক,র,বি,) 
দু'টি কবিতা 
-- ভূপেন্দ্র দাস। 
সিন্দুকে না; সোনা মিলে, 
ছাইয়ের ভিতর খুঁজলে। 
সোনা, মানিক, কম-বেশী, 
অর্জন হয়, করণীয় বুঝলে। 
সোনা অর্জন হয় না, জীবনে 
উদাসী নিষ্কর্মা সাজলে। 
--------<+>-------- 
তোমার অবহেলায় যদি, 
সোনা, থাকে ধুলায় পড়ে! 
রূপাকে যত্ন করে রাখো; 
লোহার সিন্দুকে ভরে! 
সোনার কি মূল্য কমে যায়? 
তা'তে রূপার কি মূল্য বাড়ে?
----------<+>---------- 

"নিয়তির বিধান"


কবিতা রস বিতান (ক,র,বি,) 
"নিয়তির বিধান" 
-- ভূপেন্দ্র দাস। 
হৃদয়কে একটি বাদ্যযন্ত্রের সাথে তুলনা করে,  
বলা যায়, এতে যত রকম সুর বাজে,  
তার মধ্যে সবার কাছে,  
সবচাইতে প্রিয়, ভালোবাসার সুর।  
কিন্তু এই যন্ত্রটি কোনও কারণে,  
একবার ভেঙে গেলে, জীবনের প্রয়োজনে,  
এটিকে আবার জোড়া লাগানো হলেও, এতে আর  
আগের মতো মধুর সুর আশা করা যায় না।  
কারণ ভাঙা টুকরোগুলো, 
পরস্পরের সাথে জোড়া হয় মাত্র, এক হয় না।  
তাই মধুর সঙ্গীত সাধনে, হৃদয় নামক বাদ্যযন্ত্রে, 
পুরানো ব্যথাটি চাগাড় দিয়ে ওঠে!  
এটাই "নিয়তির বিধান"। 

------------<+>------------

 

অনুতাপী


কবিতা রস বিতান (ক,র,বি,) 
অনুতাপী 
-- ভূপেন্দ্র দাস। 
কথার মালা বিনেসুতায় গাঁথি; 
বিযুক্ত মন বাগানের ফুল তুলি'। 
খুঁজি, হারানো সেই দিনের কথা, 
জীবনের সুখ-দুখের স্মৃতিগুলি। 
দেখি, আকাশেরই মেঘের মতো, 
আমার মনের মাঝে ভেসে চলে! 
তাই রাতে একা বিছানাতে, 
বালিশ ভিজে চোখের জলে। 
সুখের জন্য যখন চলে গেলে, 
আমার জীবন শূন্য করে!
তখন অসহ্য কষ্টের কারণে, 
লজ্জায়, নিজে বন্দি হই ঘরে। 
একাকী, অবশ মন, আত্মহারা, 
কষ্টে মলিন, অযত্ন গতি। 
রাত জেগে অনুতাপ করি, 
তেল ফুরালে নিভে যায় বাতি। 
ঘুম নাই, চোখে জল ঝরে, 
তাই, জেগে থাকি রাতে। 
মনের কথা একাই বলি, 
শোনার জন্য কেহ নাই সাথে। 
প্রেমের মাধুর্য-রস মনের কথা, 
দুজনে বিনিময় হয় গোপনে। 
মুখের কথা খুব কম চলে, 
লেনাদেনা হয়, চোখের গুণে। 
স্মৃতি চিরকাল থাকে অমলিন, 
উড়ন্ত মেঘ ভেসে চলে মনে। 
সুখের জলে স্নান করার জন্য, 
ইচ্ছা করে যেতে, গভীর বনে। 
----------<+>----------

Tuesday, 19 September 2017

কলঙ্কিত ইতিহাস


কবিতা রস বিতান (ক,র,বি,) 
কলঙ্কিত ইতিহাস 
-- ভূপেন্দ্র দাস। 

স্বাধীন, "সোনার বাংলাদেশ"  
স্বপ্ন দেখেছিল; 
বঙ্গবন্ধু "শেখ মুজিবুর রহমান"। 
ঘুমে নয়; জাগ্রত জনতার চোখে।   

সহ্য করতে পারেনি সে' সুখ। 
তাই, ইয়াহিয়ার দুধে-কলায়  
পালিত সাপেরা,  
মরণ কামড় দিল মুজিবের বুকে। 

১৯৭৫ সালের ১৫ আগষ্টের প্রথম প্রহরে,  
ঢাকা ধানমন্ডির ৩২ নম্বরে,  
কলঙ্কিত ইতিহাস 
সৃষ্টি হলো রক্তের স্রোতে!

পলাশির আমবাগানে ঘটে যে ঘটনা,   
১৭৫৭ সালের ২৩ জুন। এর নেপথ্য নায়ক, 
সেই বিশ্বাস ঘাতকরাও 
লজ্জা পেল তা'তে। 
----------<+>----------

কেটে যাবে দিন

কবিতা রস বিতান (ক,র,বি,) 
কেটে যাবে দিন 
-- ভূপেন্দ্র দাস। 

প্রিয়, আমার কাছে থাকতে যদি কষ্ট মনে করো, 
যত দূরে হোক, সুখের খোঁজে যেতে পারো তুমি। 
অতীতে যে ভালোবাসা দিয়েছো আমারে, 
সেই কথার রসে কত সুখ, খোঁজে নেব আমি। 
শূন্য এ' জীবনে, আর চঞ্চলতা কেন, বৃথা চেষ্টা, 
নির্জনে বসে আকাশের তারা গুণে সময় কাটাব। 
তুমি কষ্ট পাও যদি, কষ্ট হবে জেনে, নিশ্চই; 
তোমার সুখের খবর পেয়ে আমি সুখ পাব। 
ভেব না মোটেও কি করে জীবন কাটবে আমার? 
জগৎ স্বামিকে বিশ্বাস করি, পাড়ের ব্যপারী; 
যে কোনও উপায়ে সকলেরে করছেন পাড়। 
পাড়ের ঘাটে ডাকা সার, তাঁরে ভক্তি করি। 
অপাড় হয়ে, ভবে, রবে না কেহই, ঘাটে; 
সকলেই যাবে একদিন, তবে চিন্তা কি আমার? 
বিশ্বাস করি, নিদানের হরি; ঘাটে বসে আছে, 
আমারেও তিনি নিশ্চই করে নেবেন পাড়। 
----------<+>----------

বলদে গলদ


কবিতা রস বিতান (ক,র,বি,) 
বলদে গলদ 
-- ভূপেন্দ্র দাস।   

কোন এক পল্লীর কৃষাণি ও কৃষক, 
ডিজিটাল জমি চাষ করণের শখ।
নতুন গিরস্থালি আর চাষের জন্য, 
বাজারে কিন্তে গেল বলদ আর পণ্য। 
গৃহিণীকে দেখাল, ঘরে ফিরে আসি'; 
বলদ জোড়াটি দেখে গৃহিণী খুশি! 
আদর করেই নাকে পরালো দড়ি, 
স্বামীর সাহসে স্ত্রী খুশী হয় ভারি। 
যথাকালে জমিনে চষতে হাল, 
 বলদ জোড়াটি খুব হলো বেসামাল! 
এক বলদ যেতে চায় বাইরের পানে, 
নাকের দড়িটি ধরে গৃহিণী টানে। 
এইবার মালিকানা পড়ল বিপদে, 
খামোখাই গোতা মারে, দুইটা বলদে! 
খুশি মনে ভুষি খায়, দুইটা বলদ! 
কৃষাণী ও কৃষকের চাষে হয় গলদ। 
আদরের বলদ তাই বেচতে না পারে! 
ভুষি খায় খুশি মনে, বসে থাকে ঘরে। 
----------<+>----------